সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যজীবীদের ফুটবল প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে মৎস্যজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফুটবল প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় সিরাজগঞ্জের শহীদ এ কে শামসুদ্দিন স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মোঃ আবু সালেহ। এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মামুন খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় মৎস্যজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে মৎস্যজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে অতিথিরা ফটোসেশনে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
